
ফেসবুক
প্রযুক্তিগত সমস্যা কাটিয়ে ধীরে ধীরে সচল হচ্ছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম। শুক্রবার হঠাৎ বিশ্বজুড়ে অনেক ব্যবহারকারী ভোগান্তিতে পড়েন। প্ল্যাটফর্ম দুটি ব্যবহার করতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হওয়ার অভিযোগ করেন তারা।
বিভ্রাটের পর অনেক ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) গিয়ে সমস্যার কথা জানান। কেউ কেউ বিষয়টি নিয়ে মজার পোস্ট ও মিমও শেয়ার করেন। ব্যবহারকারীদের অভিযোগ, তারা নিউজফিড রিফ্রেশ করতে পারছিলেন না, প্রোফাইল খুলতে সমস্যা হচ্ছিল এবং অনেক ক্ষেত্রে প্ল্যাটফর্ম ঠিকমতো লোড হচ্ছিল না।
ফেসবুক ব্যবহারকারীরা একটি ত্রুটি বার্তা দেখতে পান, যেখানে বলা হয়, ‘কিছু একটা ভুল হয়েছে। এটি একটি প্রযুক্তিগত সমস্যার কারণে হতে পারে, যা সমাধানে আমরা কাজ করছি।’
ইনস্টাগ্রাম ব্যবহারকারীরাও একই ধরনের বার্তা পান। অনেকের ফিড লোড হচ্ছিল না, আবার কেউ কেউ অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাওয়ার কথাও জানান।
অনলাইন সেবা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে ফেসবুক নিয়ে অভিযোগের সংখ্যা সর্বোচ্চ ১ হাজার ৩৫৩টিতে পৌঁছায়।
ইনস্টাগ্রামের ক্ষেত্রে সমস্যাটি আরও বেশি দেখা যায়। ডাউনডিটেক্টর জানায়, সন্ধ্যা ৭টা ৪৬ মিনিট পর্যন্ত ইনস্টাগ্রাম বিভ্রাটের ৭ হাজার ৫০০টিরও বেশি অভিযোগ জমা পড়ে। প্রথম অভিযোগ আসে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে, এরপর ধীরে ধীরে অভিযোগের সংখ্যা বাড়তে থাকে।
এই পরিস্থিতিতে অনেক ব্যবহারকারী ধারণা করেন, মেটার সেবাগুলো হয়তো বিশ্বব্যাপী অচল হয়ে পড়েছে। অনেকে আবার নিশ্চিত হতে দ্রুত এক্সে গিয়ে খোঁজ নেন যে ফেসবুক ও ইনস্টাগ্রাম সত্যিই ডাউন কি না।
তবে বিভ্রাটের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেয়নি মেটা।
এদিকে, বৃটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো ভোক্তামুখী প্ল্যাটফর্মগুলোর জন্য মেটার কোনো উন্মুক্ত স্ট্যাটাস পেজ নেই। ফলে ব্যবহারকারীদের জন্য এমন সমস্যার প্রকৃত ব্যাপ্তি যাচাই করা কঠিন হয়ে পড়ে।
মেটার ব্যবসায়িক সেবার স্ট্যাটাস পেজেও শুরুতে এই বৈশ্বিক সমস্যার কোনো তথ্য দেখা যায়নি।















































