শুক্রবার । জুন ১২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১২ জুন ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শেয়ার

বিএসএফের গুলিতে ফের বাংলাদেশি যুবক নিহত


bsf

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুজিবুর রহমান মুজিব (২৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১২ জুন) বিকেল ৫টার পর উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্ত এলাকার মনু নদীর চরে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মুজিবুর রহমান কুলাউড়া উপজেলার দত্তগ্রাম এলাকার আজিজুর রহমান অজিবের ছেলে। শুক্রবার বিকেলে মুজিবুর রহমান মনু নদীর চরে ভারতের কাঁটাতারের বেড়া এলাকার কাছাকাছি গেলে বিএসএফ সদস্যরা তাঁকে লক্ষ্য করে অতর্কিতে গুলি চালায়। বিএসএফের ছোঁড়া গুলি বিদ্ধ হওয়ার সাথে সাথেই তিনি ঘটনাস্থলে ঢলে পড়েন এবং সেখানেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. হারুন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ হওয়ার পর ঘটনাস্থলেই যুবকটি মারা যান এবং শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর মরদেহটি মনু নদীর চর এলাকাতেই পড়ে ছিল।

বিএসএফের গুলিতে এভাবে ঘন ঘন বাংলাদেশি নিহতের ঘটনায় স্থানীয় সীমান্তজুড়ে তীব্র ক্ষোভ ও চরম উত্তেজনা বিরাজ করছে। এর আগে গত ৮ মে-ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে মোরছালিন ও নবীর হোসেন নামে দুই বাংলাদেশি যুবক বিএসএফের গুলিতে নিহত হয়েছিলেন।

বর্বরোচিত এই হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ১১ নম্বর শরীফপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাস। বিএসএফের এই একতরফা গুলিবর্ষণের পর থেকে দত্তগ্রাম সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি ও উত্তেজনা বিরাজ করছে। তবে এ হত্যাকাণ্ডের বিষয়ে তাৎক্ষণিকভাবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কিংবা ভারতের সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য বা কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।