শুক্রবার । জুন ১২, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ১২ জুন ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শেয়ার

শেয়ারবাজারে স্পেসএক্সের অভিষেক, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক


Mask

ইলন মাস্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে নতুন ইতিহাস গড়েছেন

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে আনুষ্ঠানিকভাবে তালিকাভুক্ত হয়েছে স্পেসএক্স। প্রতিষ্ঠানটির বাজারমূল্য ২ ট্রিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছানোয় এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে নতুন ইতিহাস গড়েছেন।

শুক্রবার (১২ জুন) স্পেসএক্সের শেয়ার ১৫০ ডলার দরে লেনদেন শুরু হওয়ার কথা রয়েছে, যা প্রাথমিক শেয়ার বিক্রয় (আইপিও) মূল্যের তুলনায় ৬ দশমিক ৬ শতাংশ বেশি। এর ফলে কোম্পানিটির বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১ দশমিক ৯৬ ট্রিলিয়ন ডলার। এতে স্পেসএক্স যুক্তরাষ্ট্রের ষষ্ঠ বৃহত্তম কোম্পানিতে পরিণত হওয়ার পথে রয়েছে।

আইপিওর মাধ্যমে স্পেসএক্স ৭৫ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করেছে। এতে শুরুতেই কোম্পানিটির মূল্য দাঁড়ায় প্রায় ১ দশমিক ৭৭ ট্রিলিয়ন ডলার। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রত্যাশার তুলনায় চার গুণ বেশি বিনিয়োগকারীর আগ্রহ দেখা গেছে এই আইপিওতে।

ব্লুমবার্গ নিউজের তথ্য অনুযায়ী, বরাদ্দ পাওয়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বড় অংশ ছিল দীর্ঘমেয়াদি বিনিয়োগকারী ও বিভিন্ন দেশের সার্বভৌম সম্পদ তহবিল। এর মধ্যে সৌদি আরব ও কুয়েতের তহবিলও রয়েছে।

শুক্রবার নিউইয়র্কের নাসডাক মার্কেটসাইটে উদ্বোধনী ঘণ্টা বাজান স্পেসএক্সের প্রেসিডেন্ট গুইন শটওয়েল এবং প্রধান অর্থ কর্মকর্তা ব্রেট জনসেন।

তবে আইপিওকে ঘিরে বিতর্কও ছিল। আগের দিন মার্কেটসাইটের বাইরে কিছু বিক্ষোভকারী জড়ো হয়ে প্রতিবাদ জানান। তাদের অভিযোগ, স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান xAI-এর এআই চ্যাটবট গ্রোক ব্যবহার করে সম্মতি ছাড়া ডিপফেক যৌনধর্মী ছবি তৈরি করা সম্ভব হয়েছিল।

বাজার বিশ্লেষকরা মনে করছেন, স্পেসএক্সের শেয়ার লেনদেনের শুরুতেই বড় উত্থান দেখা যেতে পারে। মার্জারমার্কেটের গ্লোবাল হেড অব ইকুইটি ক্যাপিটাল মার্কেটস স্যামুয়েল কের বলেন, “এই আইপিও ঘিরে ব্যাপক আগ্রহ রয়েছে। তাই শুরুতেই শেয়ারের দাম ২০ শতাংশের বেশি বাড়তে পারে।”

এই তালিকাভুক্তির মাধ্যমে ইলন মাস্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করেছেন। একই সঙ্গে স্পেসএক্স বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিগুলোর কাতারে জায়গা করে নিয়েছে। যদিও গত বছর কোম্পানিটি প্রায় ৫ বিলিয়ন ডলার লোকসান করেছে।

বিশ্লেষকদের মতে, স্পেসএক্সের প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হলো এর স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক, যা কোম্পানির মোট আয়ের প্রায় ৮০ শতাংশ এনে দেয়।

এদিকে শেয়ারবাজারে অভিষেকের দিনই ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে ২৯টি স্যাটেলাইট নিয়ে ফ্যালকন-৯ রকেট সফলভাবে উৎক্ষেপণ করেছে স্পেসএক্স।