শুক্রবার । জুন ১২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১২ জুন ২০২৬, ৬:০৬ অপরাহ্ন
শেয়ার

মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণেই পে-স্কেল: অর্থমন্ত্রী


Amir-Khasru

সংগৃহীত ছবি

দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো চালুর ঘোষণা দিয়েছে সরকার। বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ২০১৫ সালের পর আর কোনো পে-স্কেল হয়নি, অথচ এ সময়ে মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি কর্মকর্তাদের আয় বৃদ্ধি পেলে দুর্নীতি কমবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

শুক্রবার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী জানান, সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে নবম জাতীয় পে-স্কেল আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, দীর্ঘদিনের দাবি বিবেচনায় নিয়ে নতুন বেতন কাঠামো প্রণয়ন করা হয়েছে। এতে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের মূল বেতনের অনুপাত ১:৮ নির্ধারণ করা হয়েছে, যা বর্তমানে ১:৯.০৭৬। পাশাপাশি সব স্তরে মূল বেতন প্রায় দ্বিগুণ থেকে আড়াই গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে।

সরকারের মতে, নতুন পে-স্কেল সরকারি কর্মচারীদের আর্থিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রশাসনে দক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করতেও সহায়ক হবে।