
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের অনুষ্ঠান সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে একাধিক সূত্র। শুক্রবার মার্কিন গণমাধ্যম সিএনএনকে তিনটি সূত্র এ তথ্য জানিয়েছে।
পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট একজন ব্যক্তির মতে, চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠান আগামী রোববারই অনুষ্ঠিত হতে পারে।
এর আগে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধের অবসান ঘটাতে সক্ষম একটি ‘দারুণ সমঝোতা’র কথা উল্লেখ করেন। তিনি জানান, আগামী কয়েক দিনের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হতে পারে এবং এ উপলক্ষে ইউরোপে একটি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। এতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের উপস্থিত থাকার সম্ভাবনাও রয়েছে।
তবে এখন পর্যন্ত কোনো চুক্তি চূড়ান্ত হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি ইরান।
কূটনৈতিক আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র সিএনএন কে জানিয়েছে, সম্ভাব্য স্বাক্ষর অনুষ্ঠান জেনেভাতেই হতে পারে। আগামী সপ্তাহে ফ্রান্সে অনুষ্ঠেয় জি-৭ সম্মেলনে যোগ দিতে ট্রাম্প ও মার্কিন প্রতিনিধিদল ইউরোপ সফরে থাকবেন, ফলে স্থান নির্বাচনেও বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।
সূত্রগুলোর একজনের মতে, চুক্তি স্বাক্ষরের মাধ্যমে কূটনৈতিক আলোচনার ‘দ্বিতীয় ধাপ’ শুরু হবে। এরপর সমঝোতা স্মারকের বিভিন্ন শর্ত বাস্তবায়ন নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলবে।
একাধিক সূত্র জানিয়েছে, পাকিস্তানের মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে এই সমঝোতা স্মারকের নাম রাখা হতে পারে ‘ইসলামাবাদ ঘোষণা’। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।
অন্যদিকে, একটি ইরানি সূত্র জানিয়েছে, সম্ভাব্য স্বাক্ষর অনুষ্ঠানের জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাকেও বিবেচনায় রাখা হচ্ছে।













































