শুক্রবার । জুন ১২, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১২ জুন ২০২৬, ৯:৫০ পূর্বাহ্ন
শেয়ার

ইরানের সঙ্গে সংঘাতের অবসান, সব শর্ত মানার দাবি ট্রাম্পের


Trump Iran

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের অবসান ঘটেছে এবং তেহরান আর কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না—এমন শর্তে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। মার্কিন সিনেট প্রার্থী ব্যারি মুরের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী টেলি-র‍্যালিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন।

শুক্রবার (১২ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। বক্তব্যে ট্রাম্প বলেন, ‘আজই আমরা ইরানের সঙ্গে যুদ্ধের সম্পূর্ণ অবসান ঘটিয়েছি।’ তিনি দাবি করেন, শুরু থেকেই যুক্তরাষ্ট্র যে প্রধান শর্তটি দিয়ে আসছিল—ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র তৈরি না করে—তেহরান তা মেনে নিয়েছে।

ট্রাম্প আরও বলেন, ইরান-সংক্রান্ত সব সংকটের চূড়ান্ত সমাধান হয়ে গেছে এবং এটি একটি ‘চমৎকার চুক্তি’। তার ভাষ্য অনুযায়ী, এই সমঝোতার ফলে মধ্যপ্রাচ্যে আর কোনো পারমাণবিক হুমকি থাকবে না এবং সেখানে মোতায়েন মার্কিন সেনারাও শিগগির দেশে ফিরতে শুরু করবে।

ওমান উপকূল ও হরমুজ প্রণালিকে কেন্দ্র করে কয়েক মাসের তীব্র সামরিক উত্তেজনার পর ট্রাম্পের এই যুদ্ধ সমাপ্তি ও সমঝোতার ঘোষণা আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানা যায়নি।