শুক্রবার । জুন ১২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ১২ জুন ২০২৬, ৯:২৩ পূর্বাহ্ন
শেয়ার

ইরান ইস্যুতে উত্তেজনা কমতেই তেলের দামে বড় পতন


oil

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনা শেষ মুহূর্তে স্থগিত করার সিদ্ধান্তের পর বাজারে উত্তেজনা কমে আসায় শুক্রবার (১২ জুন) তেলের দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে।

আন্তর্জাতিক বাজারে দিনের শুরুতেই ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ সরবরাহ মূল্য প্রতি ব্যারেলে ১ ডলার ২১ সেন্ট বা ১ দশমিক ৩ শতাংশ কমে ৮৯ ডলার ১৭ সেন্টে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ডব্লিউটিআই ক্রুডের দাম ১ ডলার ২৩ সেন্ট বা ১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৬ ডলার ৪৮ সেন্টে লেনদেন হয়।

দাম কমার এই প্রবণতায় চলতি সপ্তাহজুড়ে তেলের প্রধান দুই মানদণ্ডই বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। সপ্তাহের হিসাবে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৪ দশমিক ২ শতাংশ এবং ডব্লিউটিআই ক্রুডের দাম ৪ দশমিক ৪ শতাংশ কমেছে।

বাজার বিশ্লেষকদের মতে, ওমান উপকূল ও হরমুজ প্রণালিকে ঘিরে যে সামরিক উত্তেজনা তৈরি হয়েছিল, সম্ভাব্য হামলা স্থগিত হওয়ার খবরে সেই উদ্বেগ অনেকটাই কমেছে। ফলে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা হ্রাস পাওয়ায় বিশ্ব পণ্যবাজারে স্বস্তি ফিরেছে এবং তেলের দাম নিম্নমুখী হয়েছে।

সূত্র: আল জাজিরা