
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন || ফাইল ছবি
যারা সার্কের ঐক্য চায় না, তারা শুধু দুই দেশের ঐক্যের কথা বললে আমরা সন্দেহের চোখে দেখবো। বাংলাদেশের আঞ্চলিক স্বার্থে সার্কের কার্যক্রম উপেক্ষা করে দেয়া যেকোনো পরামর্শ সন্দেহজনক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শনিবার (১৩ জুন) দুপুরে কাকরাইলে আমরা বাংলাদেশি সংগঠনের আয়োজিত জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ভারতের জনসংখ্যা আর বাংলাদেশের জনসংখ্যাকে এক করার কথা যারা বলেন, তাদের বলতে চাই, সার্কভুক্ত দেশগুলোর মোট জনগোষ্ঠী ২২০ কোটির বেশি। জাতিসংঘ, সার্ক ও বাংলাদেশের বাইরে অন্য কোনো কাঠামোর কথা বললে আমরা তা সন্দেহের চোখে দেখবো।
বিভেদহীন বাংলাদেশ প্রত্যাশা করে তথ্যমন্ত্রী বলেন, ইতিহাসই বাঙালির পরিচয়ের সবচেয়ে বড় স্বীকৃতি। আর ইতিহাস বিকৃতির চেষ্টা শেষ পর্যন্ত টেকে না। ইতিহাস যেখানে সঠিক কথা বলে, বিকৃতকারীরা সেখানে পালিয়ে যেতে বাধ্য হয়।
তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এখন পরিচ্ছন্ন ম্যান্ডেটের ওপর কাজ করছে। কেউ কৃত্রিম বয়ান তৈরি করতে চাইলে তাতে মান-অভিমান বা আক্রোশ পোষণ করি না। তবে আমরা সঠিক ইতিহাসকেই বয়ান হিসেবে রাখতে চাই।














































