সোমবার । জুন ১৫, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ১৩ জুন ২০২৬, ৪:৪১ অপরাহ্ন
শেয়ার

ভারতের নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ


dhiraj sheth Indian new army chief

ধীরাজ শেঠ

ভারতের নতুন সেনাপ্রধান (চিফ অব দ্য আর্মি স্টাফ-সিওএএস) হিসেবে লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠকে নিয়োগ দিয়েছে দেশটির সরকার। শনিবার (১৩ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে আগামী ৩০ জুন থেকে সেনাপ্রধান হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছেন। তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হবেন। জেনারেল দ্বিবেদী ৩০ জুন অবসরে যাচ্ছেন। নতুন সেনাপ্রধান হিসেবে ধীরাজ শেঠের মেয়াদ থাকবে ২০২৮ সালের ৩১ আগস্ট পর্যন্ত।

বর্তমানে তিনি ভারতীয় সেনাবাহিনীর ভাইস চিফ অব আর্মি স্টাফ (ভিসিওএএস) হিসেবে দায়িত্ব পালন করছেন। চলতি বছরের এপ্রিলে তিনি এই পদে যোগ দেন।

লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ ভারতের খড়গওয়াসলায় অবস্থিত ন্যাশনাল ডিফেন্স একাডেমির সাবেক শিক্ষার্থী। ১৯৮৬ সালের ডিসেম্বরে তিনি আর্মার্ড কোরে কমিশনপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সেনাবাহিনীতে যোগ দেন।

ধীরাজ শেঠ ভারতীয় সেনাবাহিনীর অন্যতম প্রধান স্ট্রাইক ফরমেশন সুদর্শন চক্র কোরের কমান্ডার ছিলেন। পাশাপাশি দিল্লি এরিয়ার জেনারেল অফিসার কমান্ডিং, সাউথ ওয়েস্টার্ন কমান্ড এবং সাউদার্ন কমান্ডের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।