সোমবার । জুন ১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১ জুন ২০২৬, ৩:০৭ অপরাহ্ন
শেয়ার

সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: তথ্যমন্ত্রী


তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে যেকোনো ধরনের অনৈতিক বাধা মোকাবিলায় সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো অনৈতিক বাধা সৃষ্টি করা হলে তা মোকাবিলায় সরকার কঠোর অবস্থানে থাকবে বলে স্পষ্ট জানিয়েছেন মন্ত্রী। আদ্-দ্বীন হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি এ কথা বলেন।

আজ এক মতবিনিময়কালে সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, “আমি যতটুকু শুনলাম, তাতে বোঝাই যায় যে ওই প্রতিষ্ঠানের অভ্যন্তরে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। যদি আপনার বক্তব্য সত্য হয়ে থাকে, তবে আমি আরও বিস্তারিত খবর নেব।” তিনি আরও জোর দিয়ে বলেন, গণমাধ্যমের মূল কাজই হচ্ছে সবকিছুকে জনগণের সামনে স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট করে তুলে ধরা। আর এই দায়িত্ব পালনের ক্ষেত্রে গণমাধ্যমকে সহযোগিতা করা রাষ্ট্র এবং সমাজের সবার নৈতিক দায়িত্ব।

এ সময় বর্তমান সরকার বিশেষ করে প্রধানমন্ত্রী বারবার জবাবদিহিতার সংস্কৃতির ওপর জোর দিয়েছেন উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, আমরা সেই আলোকেই এই ধরনের ঘটনাগুলোকে বিশ্লেষণ, বিচার এবং মূল্যায়ন করি।

মতবিনিময় সভায় মন্ত্রী দেশের বর্তমান সামগ্রিক পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে একুশে ফেব্রুয়ারি, ২৬ মার্চ স্বাধীনতা দিবস, পবিত্র ঈদুল ফিতর এবং গত ১৪ এপ্রিল পহেলা বৈশাখসহ প্রতিটি উৎসব ও জাতীয় দিবস অত্যন্ত সুন্দরভাবে উদযাপিত হয়েছে। সবখানেই জনগণের একটা স্বতঃস্ফূর্ততার ছাপ পড়েছে এবং উল্লেখযোগ্য তেমন কোনো নেতিবাচক ঘটনা এখন পর্যন্ত আমাদের কানে আসেনি।

তিনি আরও জানান, সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় সাংবাদিক নেতা, সংবাদপত্রের সম্পাদক ও মালিকরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। সেই সাক্ষাতে তারা সবাই অকপটে স্বীকার করেছেন যে, এই প্রথম তারা সম্পূর্ণ নিয়ন্ত্রণহীনভাবে স্বাধীন সাংবাদিকতা করছেন এবং সরকারি বা অন্য কোনো মহল থেকে তাদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়নি।

ফ্যাসিবাদ-উত্তর দেশের বর্তমান মামলা-মোকদ্দমার পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, “চারিদিকে যে ধরনের মামলা-মোকদ্দমা ছড়িয়ে পড়েছে, এটার অনেকটাই পূর্ববর্তী ক্ষোভ-বিক্ষোভ থেকে আসছে। আর ভিকটিমরা তো স্বাভাবিকভাবেই মামলা করবে। কিন্তু এই মামলাগুলো কতটা গোছানো আর কতটা অগোছালো, নতুন সরকার হিসেবে আমাদেরকে সেটা গভীরভাবে দেখতে হচ্ছে।”

তিনি আশ্বস্ত করে বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী সবাইকে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী দৃঢ়ভাবে বলেছেন যে, সুনির্দিষ্ট অপরাধ ছাড়া কোনো মিথ্যা অভিযোগে কাউকেই কোনো ধরনের হয়রানির মধ্যে পড়তে দেওয়া হবে না। তবে কারও বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট কোনো অপরাধ বা অভিযোগ থাকে, তা অবশ্যই দেশের প্রচলিত আইন অনুযায়ী নিজস্ব প্রক্রিয়ায় এগিয়ে চলবে।