
একটি গর্জন গাছের চারা রোপণের মাধ্যমে প্রধানমন্ত্রী এই কর্মসূচির উদ্বোধন করেন
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার লক্ষ্যে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুর ২টা ৫৫ মিনিটে কক্সবাজারের পিএমখালি ইউনিয়নের ডুলাহাজারা মালুমঘাট সংরক্ষিত বনে একটি গর্জন গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এই কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যরা ১১ প্রজাতির গাছের চারা রোপণ করেন। প্রধানমন্ত্রী বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে বৃক্ষরোপণ কার্যক্রম পরিদর্শন করেন।
বিএনপির নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে। কক্সবাজারে এই কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে সেই অঙ্গীকার বাস্তবায়নের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে দেশের ৪৯ জেলার ১৪৯টি উপজেলায় প্রায় দেড় কোটি চারা রোপণ করা হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে পুরো কর্মসূচি বাস্তবায়ন করবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়। এরপর বিভিন্ন জেলায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচিসহ একাধিক পাইলট প্রকল্প চালু করা হয়। পাশাপাশি ইমাম-মুয়াজ্জিন ও বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের সম্মানি ভাতা এবং ক্রীড়াবিদদের জন্য সম্মানি ও ক্রীড়া কার্ড কার্যক্রমও শুরু করা হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী মীর মো. হেলাল উদ্দিন, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, পরিবেশ সচিব রায়হান কাওছারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।










































