রবিবার । জুন ১৪, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ১৩ জুন ২০২৬, ৮:২৭ অপরাহ্ন
শেয়ার

জিম্বাবুয়ে ‘এ’ দলকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ ইমার্জিং দল


bangladesh-emerging-team

ছবি: সংগৃহীত

সৈয়দ খালেদ আহমেদের দুর্দান্ত বোলিং এবং ব্যাট হাতে অমিত হাসান, শাহাদাত হোসেন দিপু ও জাকের আলীর দারুণ পারফরম্যান্সে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। রাজশাহীতে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ম্যাচে ৪ উইকেটের জয় তুলে নিয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।

বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সিরিজ নির্ধারণী হয়ে ওঠা এই ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২৯৯ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে ‘এ’ দল। সফরকারীদের হয়ে ইনোসেন্ট কাইয়া দুর্দান্ত একটি সেঞ্চুরি করেন। উদ্বোধনী জুটিতে ম্যাথু ক্যাম্পবেলের সঙ্গে ৮২ রান যোগ করার পর ব্যক্তিগত ইনিংস বড় করেন তিনি। ১১০ বলে ১০৩ রানের ঝলমলে ইনিংসে ছিল ৫টি চার ও ৬টি ছক্কা। এছাড়া রায়ান বার্ল ৫০ রান করে দলের সংগ্রহকে শক্ত অবস্থানে নিয়ে যান।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন পেসার সৈয়দ খালেদ আহমেদ। ৪৫ রানে ৪ উইকেট শিকার করেন তিনি। এছাড়া আব্দুর গাফফার সাকলাইন নেন ৩ উইকেট।

৩০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে বাংলাদেশ। ওপেনার শাহাদাত হোসেন দিপু ও অমিত হাসান প্রথম উইকেটে ১২২ রানের জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেন। দিপু ৫০ বলে ৫৪ রান করে বিদায় নিলেও অমিত হাসান খেলেন ৮৪ বলে ৮০ রানের দারুণ ইনিংস। তার ব্যাট থেকে আসে ৯টি চার।

এরপর ইয়াসির আলী রাব্বি ২২ রান করলেও সামিউন বশির রাতুল ও অধিনায়ক জাকির হাসানের দ্রুত বিদায়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে সেই চাপ সামলে জাকের আলী ও মইন খান ষষ্ঠ উইকেটে ৮২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন।

মইন খান ৩৬ বলে ৪৩ রান করে আউট হলেও জাকের আলী শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। ৭টি চারের সাহায্যে ৭৫ বলে ৬১ রানের দায়িত্বশীল ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন তিনি।

শেষ পর্যন্ত ১২ বল হাতে রেখেই ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ ইমার্জিং দল। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় স্বাগতিকরা।

ওয়ানডে সিরিজ শেষে এবার দুই দল মুখোমুখি হবে দুই ম্যাচের চার দিনের সিরিজে। আগামী ১৭ জুন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম ম্যাচ।