রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৩ ডিসেম্বর ২০২৫, ৩:৫৯ অপরাহ্ন
শেয়ার

নির্বাচনে লড়বেন খল অভিনেতা আহমেদ শরীফ


আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশগ্রহণ করার আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকাই সিনেমার একসময়ের আলোচিত খল অভিনেতা আহমদ শরীফ। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন আহমেদ শরীফ। সম্প্রতি ব্যক্তিগত কাজে বাংলাদেশে এসেছেন। দেশে ফিরেই আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অংশ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

সোমবার (২২ ডিসেম্বর) আহমদ শরীফ গণমাধ্যমকে বলেন, ‘আমেরিকা থেকে আমি কিছু কাজে দেশে এসেছি। কিছুদিন থেকে চলে যাব। তবে নির্বাচনের আগে অবশ্যই আমি আসব। শিল্পী সমিতির জন্য যারা কাজ করতে চান, তাদের নিয়ে একটা প্যানেল করে নির্বাচনে অংশগ্রহণ করব।’

তিনি আরও বলেন, ‘সবার সঙ্গে কথা বলছি। আসন্ন শিল্পী সমিতি নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার ইচ্ছা আছে। তবে এখনও কোনো প্যানেল চূড়ান্ত করিনি। কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারব বলে আশা করছি।’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন আহমদ শরীফ। পরবর্তীতে তিনি তিনবার সাধারণ সম্পাদক এবং চারবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

এক সপ্তাহের সফরে ঢাকায় এসেছেন আহমদ শরীফ। আরও দুই-একদিন দেশে থাকবেন বলে জানান তিনি।

১৯৭২ সালে পরিচালক সুভাষ দত্তের ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’ সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক। এ সিনেমায় তিনি ইতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন। খল অভিনেতা হিসেবে প্রথম নজর কাড়েন দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘বন্দুক’ (১৯৭৬) সিনেমায়। এ সিনেমা তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল। দীর্ঘ চার দশকের অভিনয় জীবনে প্রায় ৮০০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন আহমেদ শরীফ।