
ফাইল ছবি
সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকসহ আটজনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার একটি আদালত এই আদেশ দেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ নিষেধাজ্ঞার এই আদেশ দেন।
নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্যদের মধ্যে রয়েছেন—রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল হুদা, সদস্য (অর্থ ও এস্টেট) আইম গোলাম কিবরিয়া, সদস্য মো. আবু বক্কার সিকদার, সদস্য (পরিকল্পনা) মো. আনোয়ারুল ইসলাম সিকদার, সদস্য (এস্টেট) আখতার হোসেন ভূঁইয়া, সাবেক যুগ্ম সচিব ও সদস্য (উন্নয়ন) এম মাহবুবুল আলম এবং সদস্য (প্রশাসন ও ভূমি) নাজমুল হাই।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে অপরাধমূলক অসদাচরণ ও বিশ্বাসভঙ্গের মাধ্যমে অবৈধ সুবিধা গ্রহণ করেছেন। অভিযোগ অনুযায়ী, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নামে পূর্বে বাতিল হওয়া একটি প্লটের বরাদ্দ পুনর্বহাল করা হয় এবং বরাদ্দ সংক্রান্ত নীতিমালার শর্ত লঙ্ঘন করে সুদ বাবদ ধার্য ৪ লাখ ৭৪ হাজার টাকা পরিশোধ ছাড়াই তা মওকুফ করানো হয়। এর ফলে সরকার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আবেদনে আরও বলা হয়, আসামিরা দেশ ত্যাগ করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন—এমন তথ্য পাওয়া গেছে। তারা বিদেশে চলে গেলে মামলার গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ ও তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধান নিশ্চিত করতেই তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন বলে দুদক আদালতকে অবহিত করে।







































