
ফাইল ছবি
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক-কর্মচারী সংগঠন অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছেন। আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে এই কর্মসূচি শুরু হবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর এলাকায় আয়োজিত এক অবরোধ কর্মসূচিতে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খোকন জানান, “নৌ-উপদেষ্টা আমাদের হুমকি দিয়েছেন, কর্মচারীদের বদলি করছেন এবং মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তির কথা বলছেন। সবকিছু বিবেচনায় নিয়ে বুধবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করছি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।”
এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়। এতে বন্দরের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে—এনসিটি জেটি বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা না দেওয়া, বন্দর চেয়ারম্যানের পদত্যাগ এবং আন্দোলনের সঙ্গে জড়িত কর্মচারীদের বদলির আদেশ বাতিল।
বর্তমানে এনসিটি, চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) ও জেনারেল কার্গো বার্থসহ সব টার্মিনালেই কার্যক্রম বন্ধ রয়েছে। স্কপের যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল জানান, কনটেইনার ও সাধারণ পণ্যের ওঠানামা বন্ধ থাকায় বন্দরের সামগ্রিক কার্যক্রম স্থবির হয়ে গেছে।
আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে মঙ্গলবার সকালে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বন্দরের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।
এদিকে চার দিন ধরে জেটিতে জাহাজ অপেক্ষমাণ থাকায় এবং পণ্য পরিবহন বন্ধ থাকায় ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। বিজিএমইএর সহসভাপতি সেলিমুর রহমান বলেন, “অচলাবস্থার কারণে আমদানি ব্যয় বেড়ে গেছে এবং পোশাক খাতের রফতানি শিডিউল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।”










































