
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার বেলা পৌনে দুইটার দিকে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আয়োজিত আইনশৃঙ্খলা–বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘খুব শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। আপনারা সহযোগিতা করবেন। কোথাও যদি কোনো ধরনের কারচুপি হয়, সঙ্গে সঙ্গে জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব।’
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিটি এলাকার পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থার প্রস্তুতি নেওয়া হয়েছে। এ বিষয়ে আজকের মতবিনিময় সভায় বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, দেশে একটি ‘ফ্রি, ফেয়ার ও ক্রেডিবল’ নির্বাচন অনুষ্ঠিত হবে।
মতবিনিময় সভায় রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






































