
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান
মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত নারী দিবসের এক অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান সরকারের আগামী দিনের পরিকল্পনা ও নারী নেতৃত্বের ওপর গুরুত্বারোপ করেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান বলেন, “বর্তমান সরকার কন্যাশিশুর অধিকার বাস্তবায়নে বদ্ধপরিকর। নারীদের শিক্ষা অবৈতনিক করার বড় পদক্ষেপ নেবে সরকার। যে জাতির নারীরা এগিয়ে যায়, সেই জাতিই প্রকৃত অর্থে এগিয়ে যায়।” তিনি আরও জানান, শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করাই বর্তমান প্রশাসনের মূল লক্ষ্য।
ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন নিয়ে তিনি বলেন, “আমরা এমন এক বাংলাদেশ গড়ে তুলব যেখানে নারী নেতৃত্বের মাধ্যমেই আগামীর পথচলা নির্ধারিত হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন নারী উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন। তিনি বলেন, “জিয়াউর রহমানই দেশে প্রথম নারী বিষয়ক অধিদপ্তর প্রতিষ্ঠা করেছিলেন এবং আনসার ভিডিপিতে নারীদের অন্তর্ভুক্ত করেছিলেন। তাঁর দেওয়া ২০ শতাংশ কোটার সুফল আজ আমরা দেখছি; যার ফলে বর্তমানে মেডিকেল কলেজে ৬২ শতাংশ শিক্ষার্থীই নারী।”
মন্ত্রী আরও বলেন, তারা এমন এক সমতাপূর্ণ সমাজ চান যেখানে নারীর অধিকার নিয়ে আলাদা করে আর কথা বলার প্রয়োজন পড়বে না।





































