
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে নিরাপত্তার খাতিরে আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় চরম অনিশ্চয়তায় পড়েছেন কুয়েতে কর্মরত হাজারো বাংলাদেশি ও অন্যান্য দেশের প্রবাসীরা। বিশেষ করে যারা নাড়ির টানে পরিবারের সাথে ঈদ করতে আগেভাগেই টিকিট কেটে রেখেছিলেন, তাদের বাড়ি ফেরা এখন অনিশ্চিত হয়ে পড়েছে।
ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে গত ২৮ ফেব্রুয়ারি থেকে কুয়েতসহ সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত ঘোষণা করে। এই আকস্মিক সিদ্ধান্তে প্রবাসীদের দীর্ঘদিনের পরিকল্পনা ভেস্তে যেতে বসেছে। অনেকে দুই-তিন মাস আগে থেকেই টিকিটের টাকা জমিয়েছিলেন, কিন্তু এখন ফ্লাইট বন্ধ থাকায় তারা চরম হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন।
অনেক প্রবাসী পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে স্বজনদের ভিজিট ভিসায় কুয়েতে নিয়ে এসেছিলেন। ফ্লাইট বন্ধ থাকায় তাদের ফেরার সময় হয়ে গেলেও তারা দেশটিতে আটকা পড়েছেন। তবে মানবিক দিক বিবেচনায় কুয়েত সরকার তাদের ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে আরও এক মাস বাড়িয়ে দিয়েছে, যা প্রবাসীদের জন্য কিছুটা স্বস্তি নিয়ে এসেছে।
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই তারা ফ্লাইট পরিচালনা শুরু করবে। এরই মধ্যে বেশ কিছু এয়ারলাইনস যাত্রীদের আশ্বস্ত করে জানিয়েছে, কোনো বাড়তি খরচ ছাড়াই প্রবাসীরা তাদের যাত্রার তারিখ পরিবর্তন করতে পারবেন। আবার যারা যাত্রা বাতিল করতে চান, তারা নিয়ম অনুযায়ী টিকিটের টাকা ফেরত পাবেন।
ফ্লাইট চালুর সুনির্দিষ্ট তথ্যের আশায় প্রতিদিন ট্রাভেল এজেন্সিগুলোতে ভিড় করছেন শত শত প্রবাসী। তবে সংঘাতের সমাধান ও আকাশসীমা স্থিতিশীল না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা কাটছে না বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। ট্রাভেল এজেন্টরা প্রবাসীদের এই সংকটময় সময়ে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন।









































