মঙ্গলবার । মার্চ ২৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ২৪ মার্চ ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শেয়ার

প্রীতি ম্যাচের আগে ব্রাজিল-আর্জেন্টিনা দলে দুঃসংবাদ


Argentina brazil

আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালায়েস ও আর্জেন্টিনার গঞ্জালো মন্তিয়েল

২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে প্রীতি ম্যাচে মাঠে নামার আগেই বড় ধরনের চোটের কবলে পড়েছে ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলেরই রক্ষণভাগের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন।

আর্সেনালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালায়েস হাঁটুর চোটের কারণে জাতীয় দল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। গত রোববার ম্যানচেস্টার সিটির বিপক্ষে কারাবাও কাপের ফাইনালে হারের ম্যাচে ডান হাঁটুতে ব্যথা পান তিনি। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) নিশ্চিত করেছে যে, আন্তর্জাতিক বিরতিতে খেলার মতো ফিট নন মাগালায়েস। তবে কোচ কার্লো আনচেলত্তি তার বদলি হিসেবে নতুন কাউকে দলে ডাকেননি। আগামী বৃহস্পতিবার ফ্রান্স এবং ১ এপ্রিল ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা।

এদিকে একই ধরনের দুঃসংবাদ এসেছে আর্জেন্টিনা শিবির থেকেও। রিভার প্লেটের রাইটব্যাক গঞ্জালো মন্তিয়েল হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে সামনের দুটি প্রীতি ম্যাচ থেকে ছিটকে গেছেন। তার অনুপস্থিতিতে কোচ লিওনেল স্কালোনির হাতে বিকল্প হিসেবে এখন কেবল আতলেতিকো মাদ্রিদের নাহুয়েল মলিনা রয়েছেন। শুধু মন্তিয়েলই নন, চোটের কারণে সেন্টারব্যাক লিওনার্দো বালের্দিকেও পাচ্ছে না আলবিসেলেস্তেরা। বালের্দির পরিবর্তে দীর্ঘ বিরতি দিয়ে দলে ডাকা হয়েছে রিভার প্লেটের আরেক সেন্টারব্যাক লুকাস মার্তিনেজ কুয়ার্তাকে। ২০২৪ কোপা আমেরিকার পর এই প্রথম তিনি জাতীয় দলে ডাক পেলেন।

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বুয়েনস এইরেসের লা বোমবোনেরা স্টেডিয়ামে শুক্রবার মৌরিতানিয়া এবং ৩১ মার্চ জাম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।