
লেবাননে কার্যকর থাকা যুদ্ধবিরতির তোয়াক্কা না করেই দক্ষিণ লেবাননের আত-তিরি গ্রামে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এতে আল-আখবার সংবাদপত্রের নারী সাংবাদিক আমাল খলিলসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, ইসরায়েলি ড্রোন প্রথমে একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালায় এবং পরবর্তীতে ঘটনাস্থলে তথ্য সংগ্রহে যাওয়া সাংবাদিকদের ওপর বিমান হামলা চালানো হয়।

আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, প্রথম হামলার পর সাংবাদিক আমাল খলিল ও জয়নাব ফারাজ সেখানে পৌঁছালে তারা একটি ভবনে আটকা পড়েন। উদ্ধারকাজে বাধা দিতে ইসরায়েল আশপাশের প্রধান সড়কেও বোমা বর্ষণ করে। দীর্ঘ প্রচেষ্টার পর আমাল খলিলকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং গুরুতর আহত জয়নাবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যদিও ইসরায়েলি বাহিনী সাংবাদিকদের লক্ষ্যবস্তু করার খবর অস্বীকার করেছে, তবে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় একে পরিকল্পিত ‘অনুসরণ ও হামলা’ বলে অভিহিত করেছে। দিনের অন্য এক হামলায় ইয়োহমোর আল-শাকিফ শহরে আরও দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ভিজুয়াল স্টোরি











































