
ফাইল ছবি
নতুন ধরনের লিথিয়াম–সালফার ব্যাটারি প্রযুক্তি উদ্ভাবন করেছেন চীনা গবেষকেরা। যা ভবিষ্যতে ড্রোনকে আরও দীর্ঘ সময় উড়তে সহায়তা করতে পারে মনে করছেন তারা। গবেষণাটি সম্প্রতি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী নেচার-এ প্রকাশিত হয়েছে।
বর্তমানে বেশিরভাগ ড্রোনে লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। তবে এসব ব্যাটারির শক্তি-ঘনত্ব সাধারণত প্রতি কেজিতে ৩০০ ওয়াট-ঘণ্টার নিচে থাকে, যার ফলে ড্রোনের উড্ডয়ন সময় কমে যায়।
চীনের ছিংহুয়া শেনচেন আন্তর্জাতিক গ্র্যাজুয়েট স্কুলের নেতৃত্বে একদল গবেষক লিথিয়াম–সালফার ব্যাটারির কর্মক্ষমতা বাড়ানোর নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন। তারা সালফারের ইলেক্ট্রোকেমিক্যাল বিক্রিয়ায় একটি বিশেষ সহায়ক অণু ব্যবহার করেছেন।
অণুটি ব্যাটারির ভেতরে প্রয়োজনে সক্রিয় হয়ে রাসায়নিক বিক্রিয়াকে স্থিতিশীল করে এবং শক্তি অপচয় কমায়। এতে ব্যাটারির ভেতরের রোধ প্রায় ৭৫ শতাংশ কমে যায়।
পরীক্ষায় দেখা গেছে, নতুন ব্যাটারিটি প্রায় ৮০০ বার চার্জ-ডিসচার্জের পরও স্থিতিশীল থাকে এবং ৮২ শতাংশ ক্ষমতা ধরে রাখে। এ ছাড়া গবেষকেরা একটি পরীক্ষামূলক ব্যাটারি তৈরি করেছেন, যার শক্তি ঘনত্ব প্রতি কেজিতে ৫৪৯ ওয়াট-ঘণ্টা—যা বর্তমানে ব্যবহৃত অনেক ড্রোন ব্যাটারির তুলনায় প্রায় দ্বিগুণ।
সিএমজি
বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল











































