মঙ্গলবার । মে ১২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১২ মে ২০২৬, ৪:৪৯ অপরাহ্ন
শেয়ার

কোরবানিকে ঘিরে চাঁদাবাজি বন্ধে সর্বোচ্চ কঠোর থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী


কোরবানিকে ঘিরে চাঁদাবাজি বন্ধে সর্বোচ্চ কঠোর থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংগৃহীত ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, কোরবানির সব পশুর হাটেই আনসার সদস্য মোতায়েন থাকবে। কোরবানিকে ঘিরে চাঁদাবাজির তথ্য রয়েছে সরকারের কাছে। এগুলো বন্ধে সর্বোচ্চ কঠোর থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (১২ মে) আসন্ন কুরবানি ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সভা শেষে গণমাধ্যমে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। ঈদুল আজহার আগের এবং পরের সাতদিন পুলিশ হেডকোয়ার্টারে মনিটরিং সেল করা হবে।’

এ সময় চাঁদাবাজির ঘটনা জানানোর জন্য ১৬৬১১৩ হটলাইন নাম্বারে ফোন দেয়ার অনুরোধও করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ঈদুল আজহায় নিরাপত্তার দায়িত্বে যারা থাকবেন, তাদেরকে নির্দেশ দেয়া হয়েছে মানুষের নিরাপত্তার জন্য সর্বোচ্চ সতর্ক থাকার জন্য।’

তিনি জানান, পশুর হাট ১৫টা হবে উত্তর সিটি করপোরেশন এলাকায় আর ১১টা হবে দক্ষিণ সিটি করপোরেশনে।

এছাড়া কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ সরবরাহের জন্য সরকার ২০ কোটি টাকা বরাদ্দ করেছে বলেও জানান মন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, ‘ঈদের আগে সব গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করা হবে। বিজিএমইএ এবং বিকিএমইএ এ বিষয়ে রাজি হয়েছে।’

সীমান্তে কাঁটাতার দেয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে কূটনৈতিক চ‍্যানেলে আলোচনা হবে। আমাদের কনসার্ন নিরাপত্তা এবং যেন পুশইন না হয়, সে বিষয়ে সতর্ক থাকা।’