বুধবার । মে ১৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক স্বাস্থ্য ১৩ মে ২০২৬, ৯:৪০ অপরাহ্ন
শেয়ার

টিকা নিয়ে অব্যবস্থাপনা হয়ে থাকলে সংকট কাটলে তদন্তের বিষয়ে ভাবা হবে: স্বাস্থ্যমন্ত্রী


Health-Minister

ফাইল ছবি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, টিকা ব্যবস্থাপনায় কোনো ভুল বা অব্যবস্থাপনা হয়ে থাকলে সংকট কাটার পর তা তদন্তের বিষয়ে কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বর্তমানে দায় নির্ধারণের চেয়ে শিশুদের সুরক্ষা নিশ্চিত করাকেই সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন। বুধবার সরকারি টিকার বর্তমান পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

দেশে হামের প্রাদুর্ভাবে ইতোমধ্যে ৪০০–এর বেশি শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত ও উপসর্গ দেখা দেওয়া শিশুর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। টিকা সংকট ও সময়মতো টিকা সংগ্রহ না হওয়াকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও আইনজীবীদের পক্ষ থেকে দায়ীদের বিচারের দাবি উঠেছে। এ নিয়ে রাজধানীতে মানববন্ধন ও বিভিন্ন কর্মসূচিও পালন করা হয়েছে।

এ পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন সরকারের প্রধান লক্ষ্য হলো শিশুদের জীবন রক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা। তিনি জানান, দেশে হামের চিকিৎসা কার্যক্রম, আইসোলেশন ব্যবস্থা, আইসিইউ ও ভেন্টিলেশন সুবিধা চালু রয়েছে। যুক্তরাষ্ট্র থেকে আরও ১০টি ভেন্টিলেটর পাওয়া গেছে, যা দ্রুত বিভিন্ন হাসপাতালে বিতরণ করা হবে।

মন্ত্রী আরও জানান, চীনা কোম্পানি চীনা কোম্পানি সিনোভ্যাকের ৭৬ হাজার ৬১৬ ভায়াল, অর্থাৎ প্রায় ৩ লাখ ৮৩ হাজার ডোজ টিকা হাতে এসেছে। পাশাপাশি পোলিও ও অ্যান্টি-র‍্যাবিস টিকাদান কার্যক্রমও চালু রয়েছে। ভিটামিন এ ক্যাপসুলের সাময়িক ঘাটতি থাকলেও জুনের মধ্যে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হবে বলে জানান তিনি।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, যেসব শিশু এখনো টিকার আওতায় আসেনি, তাদের খুঁজে বের করে টিকা দেওয়া হবে এবং নিয়মিত ইপিআই কার্যক্রমও অব্যাহত থাকবে।