বৃহস্পতিবার । মে ১৪, ২০২৬
প্রবাস ডেস্ক প্রবাস ১৪ মে ২০২৬, ৬:৫৭ পূর্বাহ্ন
শেয়ার

ওমানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ ভাইয়ের মৃত্যু


oman-accident

ছবি: সংগৃহীত

ওমানে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার প্রবাসী ভাই নিহত হয়েছেন। বুধবার (১৩ মে) সকাল ১০টার দিকে রাজধানী মাস্কাট থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে মোলাদ্দা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস চার বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

নিহতরা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দারাজারপাড়া এলাকার বাসিন্দা। তারা চারজনই আপন ভাই ছিলেন।

পারিবারিক ও দূতাবাস সূত্রে জানা গেছে, বুধবার সকালে ওই চার ভাই তাদের কর্মস্থলে যাওয়ার জন্য গাড়িতে করে রওনা হয়েছিলেন। পথে চলন্ত গাড়িতে গ্যাস লিকেজ থেকে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে গাড়িটি মুহূর্তেই দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চার ভাইয়ের মৃত্যু হয়।

একসঙ্গে চার ভাইয়ের মৃত্যুর খবর রাঙ্গুনিয়ায় পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে হৃদবিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। পুরো এলাকা এখন স্তব্ধ। জীবিকার তাগিদে দেশান্তরী হওয়া একই পরিবারের চারটি প্রাণের এমন অকাল বিদায়ে ওমানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতেও গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিহতদের মরদেহ বর্তমানে স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহগুলো দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে দূতাবাস।