
ফাইল ছবি
রাজধানী ঢাকাসহ দেশের আটটি জেলার ওপর দিয়ে আজ সোমবার (১৮ মে) রাত ১টার মধ্যে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও প্রবল আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ সোমবার (১৮ মে) বিকেল সোয়া ৫টায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ আবহাওয়া সতর্কবার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আবহাওয়া বুলেটিনে বলা হয়েছে—যশোর, কুষ্টিয়া, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর এবং কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সতর্কতার কারণে এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এই আট জেলা ছাড়াও ঢাকা বিভাগের অবশিষ্টাংশ, বরিশাল, নোয়াখালী এবং চট্টগ্রাম জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর ও নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
ঝড়ো আবহাওয়ার কারণে নদী অববাহিকায় চলাচলকারী ছোট-বড় সব ধরনের নৌযানকে রাত ১টা পর্যন্ত বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।








































