
ইলন মাস্ক
বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক সাম্প্রতিক সময়ে আদালতে ধারাবাহিকভাবে ধাক্কা খাচ্ছেন। সর্বশেষ, সোমবার ওপেনএআই এবং এর সহ-প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যানের বিরুদ্ধে করা বহুল আলোচিত মামলায়ও হেরে গেছেন তিনি।
গত কয়েক বছরে একের পর এক আইনি লড়াইয়ে জড়িয়েছেন মাস্ক। তবে বেশির ভাগ ক্ষেত্রেই রায় তার পক্ষে আসেনি।
গত বছরের শেষ দিকে, সাবেক টুইটারের প্রধান নির্বাহী ও হাজারো কর্মচারীর সঙ্গে দীর্ঘ আইনি লড়াইয়ের পর সমঝোতায় যেতে বাধ্য হন তিনি। টুইটার কিনে এর নাম পরিবর্তন করে এক্স রাখেন মাস্ক।
এরপর মার্চ মাসে, টুইটারের বিনিয়োগকারীদের করা আরেকটি মামলায়ও পরাজিত হন তিনি। বিনিয়োগকারীদের অভিযোগ ছিল, টুইটার অধিগ্রহণের সময় মাস্ক জনসমক্ষে বিভ্রান্তিকর তথ্য দিয়েছিলেন।
একই মাসে বিজ্ঞাপনদাতাদের বিরুদ্ধে করা তার আরেকটি মামলাও আদালত খারিজ করে দেয়। এসব প্রতিষ্ঠান একে একে এক্স প্ল্যাটফর্ম ছেড়ে চলে গিয়েছিল।
মে মাসে, আদালত মাস্কের নেতৃত্বে গঠিত সরকারি ব্যয় কমানোর বিভাগ ডিওজিই-এর কিছু সিদ্ধান্তও বাতিল করে দেয়। সেসময় বিচারক মন্তব্য করেন, কিছু অনুদান বন্ধ করা ছিল ‘সংবিধানবিরোধী বৈষম্যের স্পষ্ট উদাহরণ।’
তবুও কেন থামছেন না মাস্ক?
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন হওয়ায় মামলা, জরিমানা বা ক্ষতির চাপ মাস্ককে খুব বেশি প্রভাবিত করে না বলে মনে করছেন বিশ্লেষকরা।
সম্প্রতি মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) টুইটারের শেয়ার কেনার তথ্য গোপন করায় তাকে ১৫ লাখ ডলার জরিমানা করে। তবে মাস্কের সম্পদের তুলনায় এই অর্থ খুবই সামান্য।
আবার, টেসলায় তার বহু বিলিয়ন ডলারের বেতন প্যাকেজ আদালত বাতিল করে দিলে, তিনি কোম্পানিটিকে টেক্সাসে পুনর্গঠন করেন এবং শেয়ারহোল্ডারদের মাধ্যমে আরও বড় প্যাকেজ অনুমোদন করিয়ে নেন।
ওপেনএআই মামলায় হারের পরও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ক্ষোভ প্রকাশ করেন মাস্ক। তিনি আদালতের রায়কে সমালোচনা করে বলেন, এটি ‘চুপিসারে দাতব্য প্রতিষ্ঠানের অর্থ লুট করার লাইসেন্স’ তৈরি করেছে।
বিশেষজ্ঞদের মতে, মাস্কের ব্যক্তিত্বই তাকে অন্য ব্যবসায়ীদের থেকে আলাদা করেছে। তিনি ঝুঁকি নিতে ভয় পান না এবং জনমতের চাপও খুব একটা তাকে প্রভাবিত করে না।
অনেকে তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের তুলনা করছেন। কারণ, দুজনই প্রকাশ্যে বিতর্কিত মন্তব্য করেন এবং সমালোচকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পিছপা হন না।
বাংলা টেলিগ্রাফ উদ্যোগের গল্প
















































