
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে জামিনে মুক্তি দিয়েছেন আদালত। সোমবার (২৫ মে) সকালে তিনি ঝিনাইদহ কারাগার থেকে জামিনে মুক্তি পান।
তবে একই মামলায় জামিন পাননি জাতীয় যুবশক্তির সংগঠক অয়ন রহমান।
তারেক রেজা ও অয়নের পক্ষে শুনানি করেন এনসিপির আইন সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, সহ-আইন সম্পাদক অ্যাডভোকেট হুমায়রা নূর, অ্যাডভোকেট আরমান হোসাইন, অ্যাডভোকেট জায়েদ বিন নাসের, অ্যাডভোকেট মমিনুল হাসান, অ্যাডভোকেট ইসমাইল হোসেন।
ঝিনাইদহ জেলা এনসিপি সূত্রে জানা গেছে, ছাত্রদল নেতার করা মামলায় জাতীয় যুবশক্তির নেতা অয়ন রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল রোববার শহরের ফ্যামিলি জোন কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল এনসিপি। সেই সংবাদ সম্মেলনে অংশ নিতে যাচ্ছিলেন তারেক রেজা। সেখান থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
অন্যদিকে পুলিশ বলছে, নিরাপত্তার স্বার্থে পুলিশ তাকে হেফাজতে নেওয়া হয়েছিল। কিন্তু তারেক রেজার নামে একটি মামলা থাকায় শেষ পর্যন্ত তাকে আদালতে সোপর্দ করে তারা।













































