
সংগৃহীত ছবি
রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ও অব্যবস্থাপনাই এই মর্মান্তিক ঘটনার জন্য দায়ী।
মন্ত্রী জানান, ঘটনার তদন্তে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বুধবার (২৭ মে) কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, একটি হাসপাতালের দায়িত্বহীনতা ও ব্যবস্থাপনার দুর্বলতার কারণে ছয়টি নিষ্পাপ প্রাণ ঝরে গেছে, যা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় কোনো ধরনের গাফিলতি সরকার মেনে নেবে না বলেও তিনি স্পষ্ট জানান।
এ সময় স্বাস্থ্য খাতের সার্বিক পরিস্থিতি নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি অভিযোগ করেন, বিগত সরকারের আমলে স্বাস্থ্য খাতে ব্যাপক অনিয়ম ও লুটপাট হয়েছে, যার প্রভাব এখনো দেশের চিকিৎসা ব্যবস্থায় রয়ে গেছে।
সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, হাসপাতালগুলোতে জনবল সংকট, অব্যবস্থাপনা এবং চিকিৎসাসেবার দুর্বলতার কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন। হামসহ বিভিন্ন সংক্রামক রোগের বিস্তার বৃদ্ধির পেছনেও দীর্ঘদিনের অব্যবস্থাপনাকে দায়ী করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল এবং শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।









































