
ফাইল ছবি
আত্মত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির বার্তা নিয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিশ্ব শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করেছেন তিনি।
ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আজহা আবারও মুসলিম উম্মাহর দ্বারে এসেছে। এই উৎসব মানুষকে আত্মসংযম, আল্লাহভীতি ও পরম স্রষ্টার প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের শিক্ষা দেয়।
তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহার এই শুভক্ষণে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে জানাই আন্তরিক ঈদ মোবারক। একই সঙ্গে বিশ্ববাসীর প্রতিও রইল শুভেচ্ছা ও শুভকামনা।”
প্রধানমন্ত্রী আরও বলেন, ঈদুল আজহা শুধু আনন্দের উৎসব নয়, বরং ত্যাগ ও আত্মনিবেদনের এক অনন্য দৃষ্টান্ত। মহান আল্লাহর সন্তুষ্টির জন্য হজরত ইব্রাহিম (আ.)-এর অবিচল ঈমান, আনুগত্য ও আত্মত্যাগের শিক্ষা যুগে যুগে মুসলিম উম্মাহকে অনুপ্রাণিত করে আসছে।
বাণীতে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, দেশের মানুষসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানবজাতির জীবনে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নেমে আসুক। পাশাপাশি সবার ত্যাগ ও কুরবানি কবুল হোক বলেও তিনি কামনা করেন।
বাণীর শেষাংশে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, মহান আল্লাহর অশেষ রহমত ও বরকতে সবার জীবন শান্তি, কল্যাণ ও সমৃদ্ধিতে ভরে উঠবে।









































