বুধবার । মে ২৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৭ মে ২০২৬, ৯:১২ অপরাহ্ন
শেয়ার

কোরবানি দেওয়া হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটিকে


bull donald trump

আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি হওয়া আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আর কোরবানি হচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় মহিষটিকে পুনরায় খামারে ফিরিয়ে নিয়ে লালন-পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার কেরানীগঞ্জের জিনজিরার ইসলামপুর এলাকা থেকে মহিষটিকে কেরানীগঞ্জ মডেল থানায় নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুছ জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশ এসেছে মহিষটি কোরবানি না করতে। আপাতত প্রাণীটিকে থানায় রাখা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত ঊর্ধ্বতন নির্দেশনার ভিত্তিতে নেওয়া হবে।

তিনি আরও বলেন, বিরল অ্যালবিনো প্রজাতির হওয়ায় মহিষটিকে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

সাদা চুল ও চোখের গঠনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিল থাকায় নারায়ণগঞ্জের পাইকপাড়ার রাবেয়া এগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে মহিষটির নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’।

বিরল এই মহিষটিকে এক নজর দেখতে বিভিন্ন এলাকা থেকে ভিড় করছেন মানুষ। দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও জায়গা করে নিয়েছে প্রাণীটি। ফ্রান্সের গণমাধ্যম টিএফওয়ানের ফেসবুক পেজে মহিষটিকে নিয়ে প্রকাশিত একটি ভিডিও ইতোমধ্যে ৬২ লাখের বেশি বার দেখা হয়েছে।

এর আগে গত ১২ মে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, প্রায় ৭০০ কেজি ওজনের মহিষটি লাইভ ওয়েট হিসেবে প্রতি কেজি ৫৫০ টাকা দরে বিক্রি হয়েছিল। সে হিসেবে এর দাম নির্ধারণ করা হয় ৩ লাখ ৮৫ হাজার টাকা।