
ফাইল ছবি
বাংলাদেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বুধবার (১৭ জুন) থেকে শুরু হচ্ছে নতুন হিজরি বছর ১৪৪৮। সেই হিসেবে আগামী ২৬ জুন (শুক্রবার) সারা দেশে পবিত্র আশুরা (১০ মহররম) পালিত হবে।
মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান।
সভায় জানানো হয়, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী— মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে মহররম মাসের চাঁদ দেখা গেছে।
এর ফলে এবার পবিত্র জিলহজ মাসটি ২৯ দিনেই শেষ হলো এবং শুরু হলো হিজরি সনের প্রথম মাস মহররম। পবিত্র আশুরার দিনটিতে বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে। বিশেষ করে শিয়া সম্প্রদায়ের মুসলমানরা তাজিয়া মিছিলসহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই দিনটি বিশেষভাবে পালন করেন।
ইসলামের ইতিহাসে ১০ মহররম তথা পবিত্র আশুরা অত্যন্ত তাৎপর্যময় ও ঐতিহাসিক নানা ঘটনায় উজ্জ্বল এক অনন্য দিন। ফোরাত নদীর তীরে কারবালার ঐতিহাসিক প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) ও তাঁর পরিবারের সদস্যদের শাহাদতবরণের শোকাবহ স্মৃতিকে কেন্দ্র করেই মূলত আমাদের দেশে এই দিনটি গভীর ভাবগাম্ভীর্যের সাথে স্মরণ করা হয়।
এ ছাড়া ইসলামের ইতিহাসে এই দিনে আরও অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। আত্মশুদ্ধির অংশ হিসেবে আশুরার দিন এবং এর আগে বা পরে একদিন রোজা রাখার বিশেষ ফজিলতের কথা হাদিসে উল্লেখ রয়েছে।

















































