
আফরোজা আব্বাস। ফাইল ছবি
জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আআফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে তাঁকে এই দায়িত্ব দিয়ে মঙ্গলবার (১৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১-এর ধারা ৮(১) ও ৮(২) অনুযায়ী যোগদানের তারিখ থেকে আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী দুই বছরের জন্য তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।
তবে শর্ত অনুযায়ী, নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই সরকার প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবে। একইভাবে তিনি নিজে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে সরকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দায়িত্ব ছাড়তে পারবেন। প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে আফরোজা আব্বাসের এই নিয়োগটি সম্পূর্ণ অবৈতনিক হবে।
আফরোজা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের স্ত্রী। উল্লেখ্য, মির্জা আব্বাস বর্তমানে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
দেশের নারী উন্নয়ন, স্বাবলম্বিতা, ক্ষমতায়ন ও বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে ‘জাতীয় মহিলা সংস্থা’ সরকারের একটি অন্যতম সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে আসছে।














































