
বিএনপির মহাসচিব ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ও গণতন্ত্র পরস্পরবিরোধী ধারণা। আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায় না।
মঙ্গলবার (১৬ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। অতীতে বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, তখন সংবাদমাধ্যম তুলনামূলকভাবে বেশি স্বাধীনতা ভোগ করেছে বলেও দাবি করেন তিনি।
বিএনপির রাজনৈতিক আদর্শ সম্পর্কে তিনি বলেন, ‘বিএনপি কোনো বিপ্লবী দল নয়, এটি একটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি, যা সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ধারণ করে।’
বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন সংবাদপত্র পুনরায় চালুর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে। তবে কিছু সংবাদমাধ্যম মালিকের সিদ্ধান্তে অনেক সাংবাদিক চাকরি হারাচ্ছেন, যা উদ্বেগজনক।
তিনি আরও বলেন, একটি বিশেষ গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এসব বিভ্রান্তিকর প্রচারণা মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এছাড়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেসক্লাব এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।














































