বুধবার । জুন ১৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ১৬ জুন ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শেয়ার

ওমানে দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার শপথ দুই প্রবাসী যুবকের


oman-probasi

ছবি: ভিডিও থেকে সংগৃহীত

মোবাইলভিত্তিক অনলাইন জুয়ার মারাত্মক আসক্তি থেকে মুক্তি পেতে ২০ লিটার দুধ দিয়ে গোসল করে ব্যতিক্রমী এক শপথ নিয়েছেন দুই ওমান প্রবাসী বাংলাদেশি যুবক। অতীতে জুয়া খেলে বিপুল অর্থ অপচয়ের পর চরম অনুশোচনা থেকে তারা এই সিদ্ধান্ত নেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রবাসী কমিউনিটিসহ দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

জানা যায়, নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের বাসিন্দা সম্পদ এবং সোনাদিয়া ইউনিয়নের বাসিন্দা সাকিব দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত রয়েছেন। সম্প্রতি তারা স্থানীয় অন্য প্রবাসীদের উপস্থিতিতে দুধ দিয়ে গোসল করে জুয়ার মতো ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে আজীবনের জন্য দূরে থাকার ঘোষণা দেন।

সহকর্মী ও ওমান প্রবাসী ইউসুফ আলী জানান, সাকিব ও সম্পদসহ হাতিয়ার বেশ কয়েকজন বাসিন্দা একইসঙ্গে ওমানে কাজ করেন। তাদের মধ্যে সাকিব ও সম্পদ দীর্ঘদিন ধরে তাস খেলা, মোবাইলভিত্তিক জুয়া এবং অনলাইন জুয়ার নেশায় মারাত্মকভাবে আসক্ত ছিলেন।

ইউসুফ আলীর ভাষ্য, কঠোর পরিশ্রম করে উপার্জিত অর্থের একটি বড় অংশ তারা জুয়া ও অনর্থক পেছনে ব্যয় করতেন। পরিবারের সদস্যরা অনেক কষ্ট ও ঋণ করে তাদের প্রবাসে পাঠালেও তারা জুয়ার পেছনে টাকা ওড়ানোর কারণে নিয়মিত বাড়িতে টাকা পাঠাতে পারতেন না। সহকর্মী ও রুমমেটরা বারবার বুঝিয়েও তাদের এই জুয়ার অভ্যাস পরিবর্তন করতে পারছিলেন না।

তিনি আরও জানান, সম্প্রতি জুয়া খেলে তারা বিপুল অঙ্কের অর্থ অপচয় করে বড় ধরনের লোকসানের মুখে পড়েন। এরপরই মূলত রুমমেটদের উদ্যোগে এবং নিজেদের বুদ্ধোদয় হওয়ায় তারা দুধ দিয়ে গোসল করে জুয়া ও তাস খেলার অন্ধকার জগৎ ছাড়ার শপথ নেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি দুই যুবকের মাথায় ও শরীরে দুধ ঢেলে দিচ্ছেন এবং তারা ভবিষ্যতে জুয়ার সঙ্গে জড়িত না থাকার দৃঢ় অঙ্গীকার করছেন। এ সময় উপস্থিত অন্য প্রবাসীরা তাদের এই শুভবুদ্ধির প্রশংসা করেন এবং নতুন জীবন শুরু করার জন্য শুভকামনা জানান।

এই ব্যতিক্রমী উদ্যোগের বিষয়ে সাকিব ও সম্পদ জানান, তারা অতীতে জুয়ার নেশায় পড়ে যে কাজগুলো করেছেন, সেগুলো অনেক বড় ভুল ছিল। সেই অনুশোচনা থেকেই তারা দুধ দিয়ে গোসল করে নতুনভাবে স্বাভাবিক জীবন শুরু করার শপথ নিয়েছেন। ভবিষ্যতে জুয়া, তাস খেলা কিংবা এ ধরনের কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে আর জড়াবেন না বলে সবার কাছে দোয়া কামনা করেছেন তারা।