শনিবার । জুন ২০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৮ জুন ২০২৬, ৯:৫৫ অপরাহ্ন
শেয়ার

সংসদে কোনো ঋণখেলাপি এমপি নেই, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর


Salahuddin-Ahmed

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বর্তমান জাতীয় সংসদে কোনো ঋণখেলাপি সদস্য নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংসদ সদস্যদের মধ্যে কেউ ঋণগ্রস্ত হতে পারেন, তবে আইনগত অর্থে কেউই ঋণখেলাপি নন।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের পয়েন্ট অব অর্ডারের বক্তব্যের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রচলিত আইন ও রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার (আরপিও) অনুযায়ী আদালত কর্তৃক ঋণখেলাপি ঘোষিত ব্যক্তি সংসদ সদস্য পদে প্রার্থী হওয়ার যোগ্য নন। ফলে নির্বাচিত হয়ে সংসদে আসা কোনো ব্যক্তিকে ঋণখেলাপি বলা আইনগতভাবে সঠিক নয়।

তিনি আরও বলেন, কোনো প্রার্থীর বিরুদ্ধে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মামলা থাকলেও, আদালতে তা নিষ্পত্তি হয়ে বৈধ প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর তিনি আর ঋণখেলাপি হিসেবে বিবেচিত হন না। তাই বর্তমান সংসদকে ‘ঋণখেলাপিদের সংসদ’ বলা তথ্যভিত্তিক নয় এবং এটি মানহানিকর মন্তব্য। এ ধরনের বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়ারও দাবি জানান তিনি।

অন্যদিকে নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের আগে ও পরে তিনি ঋণখেলাপিদের মনোনয়ন দেওয়ার বিষয়টি তুলে ধরেছেন। তাঁর দাবি, সংসদে এমন অনেক সদস্য রয়েছেন, যাদের ঋণসংক্রান্ত তথ্য তিনি জানেন। তাই সাধারণ মানুষের দৃষ্টিতে বর্তমান সংসদকে ‘ঋণখেলাপিদের সংসদ’ বলার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেন তিনি।