
ফাইল ছবি
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১৬৪টি ফ্লাইটে মোট ৬৩ হাজার ৪৪০ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বশেষ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। দেশে প্রত্যাবর্তনকারী হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৫৯ হাজার ১২১ জন।
চলতি বছর গত ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরবে গিয়েছিলেন। গত ৩০ মে থেকে হাজিদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয়, যা আগামী ৩০ জুন পর্যন্ত অব্যাহত থাকবে।
২১ জুন (সৌদি সময়) পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, ফিরতি হজযাত্রী পরিবহনে শীর্ষে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিমান বাংলাদেশ এখন পর্যন্ত ৮৪টি ফ্লাইট পরিচালনা করে ২৮ হাজার ৩৭১ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে। এ ছাড়া সৌদি এয়ারলাইনস ৫৮টি ফ্লাইটে ২২ Stylesহাজার ৩০০ জন, ফ্লাইনাস এয়ারলাইনস ২২টি ফ্লাইটে ৮ হাজার ৬৭২ জন এবং অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে ফিরেছেন ৪ হাজার ৯৭ জন হাজি।
হাজিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সৌদি আরবে সক্রিয় রয়েছে বাংলাদেশি চিকিৎসাকেন্দ্রগুলো। সেখান থেকে এখন পর্যন্ত ৬৬ হাজার ৬৬৫টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে হাজিদের মোট ২৮ হাজার ২৮৬টি ডিজিটাল সেবা দেওয়া হয়েছে।
এদিকে হজ পালনে সৌদিতে গিয়ে হজ সম্পন্ন হওয়ার আগে এবং পরে এখন পর্যন্ত ৫৪ জন বাংলাদেশি হাজি মারা গেছেন। তাদের মধ্যে ৩৬ জন পুরুষ এবং ১৮ জন নারী। এলাকাভিত্তিক তথ্যানুযায়ী, মৃতদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৬ জন এবং জেদ্দায় একজন ইন্তেকাল করেছেন।
হজযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন প্রত্যাবর্তন নিশ্চিত করতে সরকার এবং সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর সমন্বিত কার্যক্রম পুরোদমে অব্যাহত রয়েছে।






































