সোমবার । জুন ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২২ জুন ২০২৬, ৭:৩৪ অপরাহ্ন
শেয়ার

শোকর করেন, অর্থমন্ত্রী অন্তত আছেন: সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি প্রসঙ্গে স্পিকার


speaker-hafiz-uddin-ahmed

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনার সময় মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল ইসলাম খান। সোমবার পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বাজেট অধিবেশনে অধিকাংশ সময়ই অনেক মন্ত্রীর আসন খালি থাকে এবং বিষয়টি সমাধানে তিনি স্পিকারের সহযোগিতা চান।

জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাজেট অধিবেশনে মন্ত্রীদের আরও বেশি উপস্থিত থাকা প্রয়োজন। তিনি রসিকতার সুরে বলেন, ‘শোকর করেন, অর্থমন্ত্রী অন্তত এখানে আছেন।’ একই সঙ্গে তিনি সংসদ সদস্যদের পক্ষ থেকে অন্য মন্ত্রীদেরও গুরুত্বপূর্ণ এই অধিবেশনে উপস্থিত থাকার আহ্বান জানান।

পরে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, অনেক মন্ত্রী রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকলেও তাঁদের সংসদে উপস্থিত থাকা উচিত। তিনি জানান, বাজেট-সংক্রান্ত আলোচনার শেষ উত্তর অর্থমন্ত্রীই দেবেন এবং তিনি পুরো সময় অধিবেশনে উপস্থিত রয়েছেন।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন পাল্টা মন্তব্য করে বলেন, বিরোধী দলের নেতাও সংসদে উপস্থিত ছিলেন না। তবে শেষ বক্তব্যে স্পিকার বলেন, বিরোধী দলের নেতা না থাকলেও মন্ত্রীদের উপস্থিতি বেশি গুরুত্বপূর্ণ, যদিও সংসদের সৌন্দর্য রক্ষায় সবার উপস্থিত থাকাই বাঞ্ছনীয়।