শনিবার । এপ্রিল ৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩ এপ্রিল ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শেয়ার

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে কালবৈশাখীর পূর্বাভাস


Storm

ফাইল ছবি

সারাদেশে মৌসুমের প্রথম তীব্র তাপপ্রবাহের মধ্যেই সিলেট অঞ্চলে নতুন করে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার (৩ এপ্রিল) দুপুরের মধ্যে সিলেট ও তৎসংলগ্ন এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা এক বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ধেয়ে আসা এই ঝোড়ো হাওয়ার সাথে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। শুক্রবার ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে সিলেট অঞ্চলের ওপর দিয়ে এই বৈরী আবহাওয়া অতিক্রম করতে পারে।

উদ্ভূত পরিস্থিতিতে সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঝড়ের সময় নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে।

অন্যদিকে, রাজধানী ঢাকাসহ দেশের বড় একটি অংশে গরমের তীব্রতা চরমে পৌঁছেছে। বিদ্যমান তাপপ্রবাহের কারণে জনজীবনে অস্বস্তি বিরাজ করছে। সিলেটের এই আকস্মিক ঝড় ও বৃষ্টির পূর্বাভাস ওই অঞ্চলের তাপমাত্রা কিছুটা কমিয়ে জনমনে স্বস্তি আনতে পারে বলে মনে করা হচ্ছে।