
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ।। ফাইল ছবি
গত তিন নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে সেসব পক্ষপাতদুষ্ট বিদেশি পর্যবেক্ষকরা আগামী নির্বাচন পর্যবেক্ষনের অনুমোদন পাবেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি।
সিইসি জানান, সারাদেশে সচেনতামূলক প্রচারণা শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি এ পর্যন্ত যেসব সেক্টরে প্রস্তুতিমূলক কাজ হাতে নিয়েছে তা হাইকমিশনারকে অবহিত করেছি।
সিইসি বলেন, আগামী নির্বাচনে আমরা ঠিকঠাকভাবে করতে পারবো কিনা- সে বিষয়গুলো জানতে চেয়েছেন কানাডিয়ান হাইকমিশনার। আমরা আমাদের প্রস্তুতির বিষয়টা তাদের বিস্তারিত জানিয়েছি, বিশেষ করে দেশজুড়ে ভোটার সচেতনতামূলক (ভোটার এডুকেশন) কার্যক্রম শুরু করবো।
সিইসি আরও বলেন, এ আই অপব্যবহার রোধে কাজ করার কথাও তাদের জানিয়েছে। মিস ইউজ অব এআই আমাদের জন্য হুমকি। এ বিষয়ে সহায়তার আশ্বাস দিয়েছে কানাডা। এছাড়া জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আমাদের পাশে আছে। গ্যাপ থাকলে তারা তা পূরণ করবে বলে জানিয়েছে।
বিদেশি পর্যবেক্ষকদের আসার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ইউরোপীয় ইউনিয়নকে পর্যবেক্ষক হিসেবে কাজ করার জন্য আমরা আহ্বান করেছি। তাদের বলা হয়েছে, আগেই যেন এ বিষয়ে আমাদের অবহিত করে।
পক্ষপাত দুষ্ট বিদেশি পর্যবেক্ষকদের অনুমোদন দেওয়া হবে না জানিয়ে সিইসি বলেন, গত তিনটি নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে তাদেরকে (অনুমোদন) দেবো কেন! যেসব পর্যবেক্ষক গত তিনটি নির্বাচন খুব সুন্দর নির্বাচন হিসেবে সার্টিফিকেট দিয়েছে; গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে বলেছে, তাদেরকে কী আমাদের নেওয়া উচিত? আমরা দেখে শুনেই নেবো। যারা অভিজ্ঞ, ডিপেন্ডেবল, রিলায়েবল এবং বিভিন্ন দেশে নির্বাচন অবজারভ করেছে তাদের নেবো। তিনটা নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে তাদের কোনো মতেই না।




































