
কথা বলছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করা হবে। এছাড়া ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) আর কোনো নির্বাচনে ব্যবহার করা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে আমরা একটা প্রকল্প হাতে নেব। এই প্রকল্পের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার পদ্ধতি বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে প্রাথমিকভাবে ৪৮ কোটি টাকার প্রকল্প নেওয়া হবে। আগের পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোট না আসলেও এই পদ্ধতিতে ভোট আসবে। এখন পর্যন্ত জানা গেছে, বেশিরভাগ প্রবাসীরা ভোট দিতে পারবেন।
এদিকে, নির্বাচনে স্বচ্ছতা আনার লক্ষ্যে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিলেও, তা প্রত্যাশিত ফল আনতে পারেনি বলে জানায় ইসি। তাই ভবিষ্যতে জাতীয় ও স্থানীয় সরকার—কোনো নির্বাচনেই ইভিএম ব্যবহার না করার পক্ষে অবস্থান নিয়েছে কমিশন।
সানাউল্লাহ আরও জানান, “চূড়ান্ত ভোটার তালিকা জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে প্রকাশ করা হবে।”
কমিশনের এই সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন আরও চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।




































