
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজাকে কেন্দ্র করে সারাদেশের পূজামণ্ডপগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। ফলে সারাদেশের প্রায় ৩২ হাজার মণ্ডপের নিরাপত্তায় সংস্থাটি ৭১ হাজার ৬৬ জন পুলিশ সদস্য মোতায়েন করেছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) পুলিশ সদরদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি মাসের শুরু থেকে অল্প কিছু এলাকায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে সেগুলো নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রতিটি মণ্ডপে পুলিশ, আনসার ও পূজা উদযাপন কমিটি সমন্বিতভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করছে।
পুলিশ সদরদপ্তর জানিয়েছে, যেসব ঘটনা ঘটেছে সেগুলো মূলত স্থানীয় বিরোধ, ব্যক্তিগত দ্বন্দ্ব বা সাধারণ অপরাধমূলক কর্মকাণ্ডের ফল। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তথ্য অনুযায়ী, ২ থেকে ২৩ সেপ্টেম্বরের মধ্যে নয়টি ঘটনার মধ্যে তিনটিতে জিডি এবং ছয়টিতে মামলা হয়েছে। ইতোমধ্যে ছয়জন গ্রেপ্তার হয়েছেন, যাদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।
পুলিশ বলছে, সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রক্ষায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব জায়গায় নজরদারি বাড়ানো হয়েছে।




































