
ছবি: সংগৃহীত
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মায়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলন শুরু হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল এতে যোগ দিয়েছে। উদ্বোধনী অধিবেশনে তিনি বক্তব্য রাখবেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় রাত ৮টা) থেকে শুরু হওয়া সম্মেলনে অন্তত ৭৫টি দেশ ও আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। জাতিসংঘ আয়োজিত এই সম্মেলনের মূল লক্ষ্য হলো রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক রাজনৈতিক সমর্থন জোগাড় করা, বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা এবং সংকটের মূল কারণগুলো নিয়ে যৌথভাবে আলোচনা করা।
সম্মেলনে রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হবে। একই সঙ্গে মাঠপর্যায়ের বাস্তব চিত্র তুলে ধরে একটি পূর্ণাঙ্গ, উদ্ভাবনী ও সময় নির্ধারিত পরিকল্পনা গ্রহণের প্রস্তাব করা হবে।
এর আগে প্রধান উপদেষ্টা জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্রান্ডি, জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও অস্ট্রেলিয়ার সাবেক ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী জুলি বিশপ এবং ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেলের সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখেরও বেশি রোহিঙ্গার জন্য মানবিক সহায়তায় মারাত্মক অর্থ সংকট, শরণার্থী শিশুদের শিক্ষার সংকট এবং সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
জাতিসংঘ কর্মকর্তারা রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা ও তহবিল বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তারা রাখাইনের পরিস্থিতি, মানবাধিকার ইস্যু এবং দীর্ঘমেয়াদে টেকসই সমাধানের পথ খুঁজতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।





































