
রাজধানী ঢাকায় টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার রাত ১২টা থেকে আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত মাত্র ৬ ঘণ্টায় রেকর্ড হয়েছে ১৩২ মিলিমিটার বৃষ্টি, যা এ সময়ের মধ্যে দেশের সর্বোচ্চ বৃষ্টি।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকায় মোট ২০৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটাই চলতি বছরের ঢাকায় সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড।
ভোর থেকে টানা বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। বিশেষ করে কাজীপাড়া, বিজয় সরণীসহ গুরুত্বপূর্ণ এলাকায় রাস্তাজুড়ে জমে থাকা পানিতে ভোগান্তিতে পড়েছেন পথচারী ও যাত্রীরা।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর জানিয়েছেন, পশ্চিম বঙ্গোপসাগরে যে লঘুচাপ সৃষ্টি হয়েছে, তার কারণে নয়; বরং একটি গভীর সঞ্চারণশীল মেঘমালার কারণে এই প্রবল বৃষ্টি হচ্ছে।
তিনি আরও বলেন, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকায়ও ভারী বৃষ্টি হচ্ছে এবং আজ সারাদিন এ ধারা অব্যাহত থাকতে পারে। ইতিমধ্যে উত্তরবঙ্গের বগুড়াসহ কয়েকটি জেলায় ব্যাপক বর্ষণ শুরু হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার প্রবণতা থাকতে পারে।







































