
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার জন্য নেসেট (ইসরায়েলি পার্লামেন্ট) একটি বিল অনুমোদন করেছে। ইসরায়েলের এই পদক্ষেপের নিন্দায় সোচ্চার হয়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশ। একই ধারায় বাংলাদেশও এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পশ্চিম তীরের ওপর জোরপূর্বক ‘ইসরায়েলি সার্বভৌমত্ব’ চাপিয়ে দেওয়ার এই প্রচেষ্টা আন্তর্জাতিক আইনবিরোধী।
বিবৃতিতে বলা হয়, ‘অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি সম্প্রসারণ ও দখলদারিত্ব ইসরায়েল অব্যাহত রেখেছে। এটি আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং নিরাপত্তা পরিষদের ২৩৩৪ নম্বর প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন।’
বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে, পূর্ব জেরুজালেমসহ দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই।
ঢাকা আরও জানায়, আন্তর্জাতিক বিচার আদালতের সাম্প্রতিক পরামর্শমূলক অভিমত ফিলিস্তিনের প্রতি আন্তর্জাতিক আইনের সুরক্ষা ও ইসরায়েলের দায়বদ্ধতাকে আবারও জোরালো করেছে।
১৯৬৭ সালের সীমারেখার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশ দৃঢ় সমর্থন অব্যাহত রাখবে।








































