রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৫ ডিসেম্বর ২০২৫, ৮:৪৭ অপরাহ্ন
শেয়ার

তারেক রহমানের প্রত্যাবর্তনে রাজনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে: চরমোনাই পীর


Rezaul-Karim

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেছেন, তারেক রহমানের আগমনে দেশের রাজনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

আজ বৃহস্পতিবার তারেক রহমান দেশে ফেরার পর দেওয়া এক প্রতিক্রিয়ায় রেজাউল করীম বলেন, দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে অস্থিরতা বিরাজ করছিল এবং বিএনপির মতো বড় একটি দল সরাসরি নেতৃত্ববঞ্চিত ছিল। তারেক রহমানের প্রত্যাবর্তনে সেই শূন্যতা পূরণ হবে।

চরমোনাই পীর বলেন, ১৭ বছর পর তারেক রহমানের ফিরে আসার পেছনে সহিংস ও প্রতিহিংসার রাজনীতির নির্মম বাস্তবতা রয়েছে। পতিত ফ্যাসিস্ট শাসনের প্রতিহিংসার শিকার হয়ে তাকে দীর্ঘদিন নির্বাসনে থাকতে হয়েছে।

তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের রাজনীতি থেকে প্রতিহিংসা চিরতরে উৎখাতে তারেক রহমানসহ সব রাজনৈতিক শক্তিকে কাজ করতে হবে। আশা প্রকাশ করে তিনি বলেন, তারেক রহমান রাজনৈতিক সংস্কৃতির সুস্থতা ও ফ্যাসিবাদের স্থায়ী অবসানে ইতিবাচক ভূমিকা রাখবেন।