রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৬ ডিসেম্বর ২০২৫, ৪:৫৪ অপরাহ্ন
শেয়ার

‘শিবিরের আদর্শকে মোকাবেলায় ব্যর্থ একটি মহল অপপ্রচারে লিপ্ত’


Mia-Golam-Porowar

ফাইল ছবি

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ছাত্রশিবিরের আদর্শকে মোকাবেলায় ব্যর্থ হয়ে একটি মহল অপপ্রচারে লিপ্ত হয়েছে, তবে জাতি কোনো মিথ্যাচার বিশ্বাস করবে না।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর চীন–মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২০২৫ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ছাত্রশিবির একটি আদর্শবাদী ও আত্মত্যাগী সংগঠন, যারা দ্বীনের জন্য জীবন উৎসর্গ করতেও প্রস্তুত। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রশিবিরের এই যাত্রায় গোটা জাতি তাদের পাশে থাকবে বলেও দাবি করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ইতিহাস প্রমাণ করে- যখন কোনো শক্তি যুক্তি, আদর্শ ও নৈতিকতায় পরাজিত হয়, তখন তারা অপপ্রচার ও মিথ্যাচারের পথ বেছে নেয়। ছাত্রশিবিরকে নানা নামে আখ্যা দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করা হলেও রাজনৈতিক পটপরিবর্তনের পর সত্য প্রকাশ পেয়েছে।

তিনি অভিযোগ করেন, আধিপত্যবাদবিরোধী ইসলামী আন্দোলনকে ঠেকাতে ব্যর্থ হয়ে একটি চক্র আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তবে এসব প্রচেষ্টা ছাত্রশিবিরের অগ্রযাত্রা থামাতে পারবে না।