রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৬ ডিসেম্বর ২০২৫, ৫:০৩ অপরাহ্ন
শেয়ার

জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন তারেক রহমান


Tareq-Rahman

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার বিকেল ৪টা ৪২ মিনিটে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। এ সময় তিনি প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং পরে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এর আগে বেলা তিনটার কিছু আগে গুলশানের বাসভবন থেকে শেরে বাংলা নগরের জিয়া উদ্যানের উদ্দেশে রওনা হন তারেক রহমান। লাল-সবুজ রঙে সাজানো একটি বাসে করেই তিনি কবর জিয়ারতে যান। গতকাল বৃহস্পতিবার বিমানবন্দর থেকে গণসংবর্ধনা অনুষ্ঠানেও একই বাস ব্যবহার করেছিলেন তিনি। আজও বাসের সামনে দাঁড়িয়ে নেতা-কর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান। বিপুল জনসমাগমের কারণে তার গাড়িবহর ধীরগতিতে চলতে হয়।

সকাল থেকেই জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি দেখা যায়। অনেককে দলীয় পতাকা, ব্যানার ও পোস্টার হাতে সেখানে অবস্থান নিতে দেখা গেছে।

কবর জিয়ারত শেষে তারেক রহমান সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফেরেন তারেক রহমান। ঢাকায় পৌঁছে তিনি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় সংবর্ধনায় যোগ দেন এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যান। এরপর গুলশানের বাসভবনে ফেরেন।