রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৭ ডিসেম্বর ২০২৫, ৬:২৪ অপরাহ্ন
শেয়ার

আসিফ মাহমুদের পক্ষে কুমিল্লা-৩ আসনেও মনোনয়নপত্র সংগ্রহ


Asif Mahmud

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

বুধবার কুমিল্লা সদর উপজেলার দক্ষিণ রসুলপুর এলাকার এনসিপি কর্মী রমজানুল করিম স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিষয়টি শুরুতে গোপন রাখা হলেও শনিবার জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাহেব আলী বিষয়টি নিশ্চিত করেন।

মনোনয়নপত্র কেনার তথ্য নিশ্চিত করে এনসিপির মুরাদনগর উপজেলা প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক বলেন, আসিফ মাহমুদ তাঁর জাতীয় পরিচয়পত্র পাঠিয়েছেন এবং জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, আসিফ মাহমুদ মুরাদনগর থেকেই নির্বাচন করবেন।

মনোনয়নপত্রের রেজিস্ট্রারে আসিফ মাহমুদের বর্তমান ঠিকানা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিউ মার্কেট এবং স্থায়ী ঠিকানা মুরাদনগর উপজেলার আকবপুর উল্লেখ করা হয়েছে।

এর আগে, গত ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দেন। তিনি ওই আসনে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন এবং প্রচারণাও চালাচ্ছেন। তবে মুরাদনগর থেকে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে মিনহাজুল হক জানান, জোটগত রাজনীতিতে নাটকীয় সিদ্ধান্ত আসতে পারে বলেই একাধিক আসনে মনোনয়নপত্র কেনা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর পর্যন্ত কুমিল্লা জেলার ১১টি আসনে মোট ১০৬টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে বিএনপি সর্বাধিক ২৭টি, জামায়াত ১১টি এবং স্বতন্ত্র প্রার্থী ২১টি মনোনয়নপত্র কিনেছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে কর্মী-সমর্থকরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। যেহেতু তিনি নিজে উপস্থিত ছিলেন না, তাই বিষয়টি তখন গুরুত্ব দিয়ে নজরে আসেনি।