
ফাইল ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা দল থেকে পদত্যাগ করেছেন। শনিবার সন্ধ্যা সাতটার দিকে দলীয় হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনি পদত্যাগের ঘোষণা দেন। একই সঙ্গে তিনি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার কথা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জানান।
তাসনিম জারার স্বামী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহও ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন।
এনসিপি সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট গঠনের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়েই তাসনিম জারা পদত্যাগ করেন। তাঁকে ঢাকা-৯ আসনে জোটের প্রার্থী করার আলোচনা থাকলেও পদত্যাগের পর ওই আসনে হুমায়রা নুরকে এনসিপির প্রার্থী করা হতে পারে বলে আলোচনা চলছে।
এদিকে এনসিপির একাধিক জ্যেষ্ঠ নারী নেতা জামায়াতসহ ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে জোটের বিরোধিতা করে ক্ষোভ প্রকাশ করেছেন।
ফেসবুক পোস্টে তাসনিম জারা বলেন, কোনো দল বা জোটের প্রার্থী না হয়ে তিনি নতুন রাজনৈতিক সংস্কৃতির লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। এর আগে গণচাঁদার মাধ্যমে তোলা ৪৭ লাখ টাকা স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।







































