রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৯ ডিসেম্বর ২০২৫, ৮:০৬ অপরাহ্ন
শেয়ার

মনোনয়নপত্র জমার সময় বাড়ছে না: ইসি সচিব


Akhter-Ahmed

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়ার সময় আর বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

মনোনয়নপত্র জমার সময়সীমা বাড়ানো হবে কি না- এমন প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, “না, সময় আর বাড়ানো হচ্ছে না। আমরা আর কোনো মনোনয়নপত্র জমা নেব না।”

শেষ দিন পর্যন্ত কতজন সম্ভাব্য প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়েছে- এ বিষয়ে তিনি বলেন, সারা দেশ থেকে তথ্য সংকলন করে নির্বাচন কমিশনে পৌঁছাতে রাত ১০টা পর্যন্ত সময় লাগতে পারে। এরপর মোট সংখ্যা জানানো হবে।

উল্লেখ্য, দল ও প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ। বিকেল ৫টা পর্যন্ত দেশের আঞ্চলিক ও জেলা নির্বাচন কার্যালয়গুলোতে রিটার্নিং কর্মকর্তাদের কাছে সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।

সংশোধিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।